দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা এবং কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের গুরুতর অভিযোগে দেশটিতে নিযুক্ত ইসরায়েলি দূতাবাসের শীর্ষ এক কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। তাকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (পারসোনা নন গ্রাটা) হিসেবে ঘোষণা করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে প্রিটোরিয়া।
দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিভাগ শুক্রবার এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি দূতাবাসের চার্জ দ্য’অ্যাফেয়ার্স এরিয়েল সিডম্যানের বিরুদ্ধে কূটনৈতিক নিয়মের অগ্রহণযোগ্য লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। তার কর্মকাণ্ড দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের ওপর আঘাত হেনেছে বলে মনে করছে দেশটির সরকার।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সিডম্যানের সাম্প্রতিক কিছু কার্যক্রম এবং বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের নীতিমালার পরিপন্থী। এই প্রেক্ষাপটে তাকে অবিলম্বে দেশত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে ঠিক কোন সুনির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছে দক্ষিণ আফ্রিকা। এমনকি আন্তর্জাতিক বিচার আদালতেও ইসরায়েলের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করছে দেশটি। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শীর্ষ পর্যায়ের এক কূটনীতিককে বহিষ্কারের এই ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনকে আরও বাড়িয়ে দিল।
রিপোর্টারের নাম 
























