আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার তিনি কক্সবাজার ও সিলেট এরিয়া পরিদর্শনের সময় এই আহ্বান জানান এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে সেনাপ্রধান ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সংশ্লিষ্ট এলাকার অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও মতবিনিময় করেন।
কক্সবাজারে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্রের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় সেনাপ্রধান সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পরবর্তীতে, সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষেও অনুরূপ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসব মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সংবিধান ও দেশের প্রচলিত আইনের প্রতি অবিচল থেকে সব সেনা সদস্যকে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন।
এসময় তাঁর সাথে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; জিওসি, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার; জিওসি, ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট; বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি, কক্সবাজারের এয়ার অধিনায়ক; সেনাবাহিনীর সামরিক সচিবসহ সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় কমিশনারগণ, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা মতবিনিময় সভায় অংশ নেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
রিপোর্টারের নাম 
























