হারের একদম দ্বারপ্রান্ত থেকে ভাগ্যের নাটকীয় সহায়তায় অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পা রাখলেন নোভাক জোকোভিচ। ইতালিয়ান তরুণ লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়েও শেষ পর্যন্ত শেষ চারের টিকিট হাতে পেলেন এই সার্বিয়ান মহাতারকা। কোর্টে মুসেত্তির দাপটে জোকোভিচের বিদায় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, ঠিক তখনই চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ইতালিয়ান এই প্রতিপক্ষ। ফলে অনাকাঙ্ক্ষিত এক ওয়াকওভারে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।
ম্যাচের শুরু থেকেই মেলবোর্নের কোর্টে আধিপত্য বিস্তার করেন লরেঞ্জো মুসেত্তি। প্রথম দুই সেটে জোকোভিচকে কোনো পাত্তাই দেননি তিনি; সরাসরি ৬-৪ ও ৬-৩ গেমে জিতে অঘটনের জোরালো সম্ভাবনা তৈরি করেন। ১০ বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জোকোভিচ যখন খাদের কিনারায়, ঠিক তখনই দৃশ্যপটে আসে অনাকাঙ্ক্ষিত মোড়। তৃতীয় সেটে জোকোভিচ ৩-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় উরু ও কুঁচকির চোটে আক্রান্ত হন মুসেত্তি। তীব্র ব্যথার কারণে খেলা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়লে ম্যাচ ছেড়ে দেন তিনি। ফলে পরাজিত হতে হতেও মেলবোর্নে ১৩ বারের মতো সেমিফাইনালে ওঠার আনন্দে মাতেন জোকোভিচ।
চলতি টুর্নামেন্টে জোকোভিচের ভাগ্য যেন অবিশ্বাস্যভাবে সুপ্রসন্ন। কোয়ার্টার ফাইনালের আগে শেষ ষোলোর লড়াইয়েও তাকে পূর্ণ ম্যাচ খেলতে হয়নি। চেক প্রজাতন্ত্রের জাকুব মেনসিক পেটের সমস্যার কারণে নাম প্রত্যাহার করে নিলে সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন তিনি। টানা দুই ম্যাচে প্রতিপক্ষের ইনজুরিতে কোনো সেট না জিতেই সেমিফাইনালে পৌঁছানোর এক বিরল অভিজ্ঞতার সাক্ষী হলেন জোকোভিচ। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ান ওপেনে ১০৩টি একক ম্যাচ জেতার অনন্য কীর্তি গড়লেন তিনি, যা ভেঙে দিয়েছে কিংবদন্তি রজার ফেদেরারের দীর্ঘদিনের রেকর্ড।
ফাইনালে ওঠার লড়াইয়ে জোকোভিচের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। সেমিফাইনালে তার প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই ইতালিয়ান তারকা জানিক সিনার। অন্য এক কোয়ার্টার ফাইনালে সিনার সরাসরি ৬-৩, ৬-৪ ও ৬-৪ গেমে যুক্তরাষ্ট্রের বেন শেল্টনকে পরাজিত করে শেষ চারে নিজের জায়গা নিশ্চিত করেছেন।
এদিকে নারী এককে বড় অঘটন ঘটেছে। টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই পোলিশ তারকা ইগা সোয়াটেক। কাজাখস্তানের এলেনা রাইবাকিনার কাছে ৭-৫ ও ৬-১ গেমে হেরে বিদায় নেন তিনি। রাইবাকিনার পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত করেছেন মার্কিন তারকা জেসিকা পেগুলাও। তিনি স্বদেশি আমান্ডা আনিসিমোভাকে ৬-২ ও ৭-৬ গেমে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে রয়েছেন।
রিপোর্টারের নাম 























