আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল অংশ না নিলেও বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব বজায় থাকছে। ক্রিকেটাররা মাঠে না থাকলেও আম্পায়ারিংয়ের মাধ্যমে সেখানে উপস্থিত থাকছেন বাংলাদেশের আম্পায়াররা। আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকত এবারের বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য চূড়ান্ত হয়েছেন।
একই সাথে আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেলের সামনেও সৃষ্টি হয়েছে বিশ্বমঞ্চে দায়িত্ব পালনের সুযোগ। তবে তার যাওয়ার বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হয়নি। বিসিবি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে ভারতে যাওয়ার প্রয়োজনীয় ছাড়পত্র পেতে পারেন তিনি। আজই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা রয়েছে।
আইসিসির এলিট প্যানেলের সদস্য হওয়ায় শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের জন্য বিসিবির কোনো আলাদা অনাপত্তিপত্রের প্রয়োজন হচ্ছে না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে সরাসরি চুক্তিবদ্ধ থাকায় তিনি নির্ধারিত সময়েই ভারতে পৌঁছাবেন। এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন সৈকত। সম্প্রতি ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজেও তিনি সফলভাবে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
সবকিছু ঠিক থাকলে শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের পাশাপাশি গাজী সোহেলকেও দেখা যেতে পারে বিশ্বকাপের আম্পায়ারিং প্যানেলে, যা বাংলাদেশের আম্পায়ারিংয়ের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।
রিপোর্টারের নাম 























