এক বছরেরও বেশি সময় পর, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। আজ বুধবার (২৯ অক্টোবর) এই সাক্ষাৎকারগুলো প্রকাশিত হয়, যেখানে বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার বক্তব্য উঠে এসেছে।
যেসব সংবাদমাধ্যম তাঁর সাক্ষাৎকার নিয়েছে, তার মধ্যে রয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি, যুক্তরাষ্ট্রভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট। গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তাঁর প্রথম সাক্ষাৎকার।
বর্তমানে, সরকার শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যমে প্রচার, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সভা-সমাবেশ ও সম্মেলন আয়োজনসহ সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।
জুলাইয়ের অভ্যুত্থান, সহিংস দমন-পীড়ন এবং আওয়ামী লীগ সরকারের সময়ের গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে। এর আগে, এই ট্রাইব্যুনালই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যেকোনো ‘বিদ্বেষমূলক বক্তব্য’ প্রকাশ বা প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
রিপোর্টারের নাম 






















