উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) ৪৫তম বার্ষিক সাধারণ সভায় কাতারের শেখ জোয়াদ বিন হামাদ আল থানি সংস্থাটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে পূর্ববর্তী সভাপতি রণবীর সিং দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে প্রতিনিধিদের সর্বসম্মত সমর্থনে শেখ জোয়াদ এই পদে আসেন। ২০২৮ সাল পর্যন্ত তিনি এশিয়ান অলিম্পিকের নেতৃত্ব দেবেন। নির্বাচিত হয়েই তিনি এশিয়ার তীরন্দাজির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগেও শেখ জোয়াদ অলিম্পিক ও ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি কাতার অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ওসিএ’র সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা এশিয়ান ক্রীড়াঙ্গনকে নতুন দিশা দেবে বলে আশা করা হচ্ছে।
সভায় এশিয়ান আরচ্যারি ফেডারেশনের সভাপতি এবং বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলও উপস্থিত ছিলেন। নতুন সভাপতি শেখ জোয়াদের সঙ্গে তাঁর এক সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাতে শেখ জোয়াদ এশিয়ার আরচ্যারির সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল জানান, তাঁদের আলোচনায় আসন্ন এশিয়ান গেমসে আরচ্যারি ডিসিপ্লিনের বিভিন্ন দিক উঠে এসেছে। পাশাপাশি এশিয়ান আরচ্যারির উন্নয়ন ও প্রসারে ওসিএ, ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়াকে পূর্ণ সহযোগিতা করবে বলে শেখ জোয়াদ আশ্বাস দিয়েছেন। তীরন্দাজি নিয়ে আরও বিস্তারিত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরির জন্য শেখ জোয়াদ তাঁকে কাতারে আমন্ত্রণ জানিয়েছেন বলেও চপল উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 
























