মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের সাবেক ক্রিকেটার জ্যাকব মার্টিন। এই অভিযোগে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে গুজরাটের বরোদা পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িকে ধাক্কা দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে বরোদার আকোতা এলাকার পুনীত নগর সোসাইটির কাছে এই দুর্ঘটনা ঘটে। ৫৩ বছর বয়সী জ্যাকব মার্টিন নিজের এমজি হেক্টর গাড়িটি চালিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারান। এসময় তার গাড়িটি রাস্তার পাশে পার্ক করে রাখা বেশ কয়েকটি যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মনে হয় যে, জ্যাকব মার্টিন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এবং বেপরোয়া গতির অভিযোগে মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়। একইসঙ্গে তার গাড়িটিও জব্দ করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রাতে কোনো বন্ধুর সঙ্গে মদ্যপান শেষে বাড়ি ফেরার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
উল্লেখ্য, জ্যাকব মার্টিন ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতের জাতীয় দলের হয়ে ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওডিআই) খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে তিনি বরোদার রঞ্জি ট্রফি দলের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মারকুটে ব্যাটসম্যান হিসেবে ঘরোয়া ক্রিকেটে তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। তবে মাঠের বাইরের এই বিতর্কিত কর্মকাণ্ডে নতুন করে আলোচনায় এলেন সাবেক এই ক্রিকেটার।
রিপোর্টারের নাম 
























