আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলাটি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এ সময় তিনি সোমবার রাতে টেকনাফের শাহপরীর দ্বীপে স্থানীয় সিভিল প্রশাসন ও বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় মিলিত হন।
সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়, সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজিবি মহাপরিচালক এই সভায় সভাপতিত্ব করেন।
এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান, পুলিশ সুপার এ কে এম সাজেদুর রহমান, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, আনসার ও ভিডিপি, বাংলাদেশ কোস্ট গার্ড, ডিজিএফআই এবং এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিজিবির কক্সবাজার রিজিয়নের সব পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বিজিবি মহাপরিচালক জোর দিয়ে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, সুশৃঙ্খল এবং রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত। তিনি আরও উল্লেখ করেন, ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
রিপোর্টারের নাম 






















