দীর্ঘ এক মাস রোজা রাখার পর ইফতারিতে হালকা ও সতেজ খাবারের চাহিদা থাকে সর্বাধিক। ভারী খাবার অনেক সময় অস্বস্তি সৃষ্টি করতে পারে। এই অবস্থায় ফল একটি চমৎকার বিকল্প। ইফতারের টেবিলে ফলের সালাদ যোগ করলে তা যেমন স্বাদের ভিন্নতা আনে, তেমনই সারাদিনের ক্লান্তি দূর করে শরীরকে সতেজ করে তোলে।
এখানে দুটি ভিন্ন স্বাদের ফলের সালাদের রেসিপি দেওয়া হলো যা আপনার ইফতারের মেনুকে আরও আকর্ষণীয় করে তুলবে।
১. টক-মিষ্টি ফ্রুট সালাদ
উপকরণ: আম, আপেল, আনারস, কলা, কমলা, আঙুর, স্ট্রবেরি/তরমুজ, আনার – প্রতিটি ১ কাপ করে কুচি করা। গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, বিট লবণ গুঁড়া আধা চা চামচ, মধু ১ কাপ, সাধারণ লবণ ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, পুদিনাপাতা কুচি ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি: একটি বড় পাত্রে সব কুচি করা ফল নিন। এর সাথে লেবুর রস ও সাধারণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর উপর থেকে গোলমরিচ গুঁড়া, বিট লবণ, মধু এবং পুদিনাপাতা কুচি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট সালাদ।
২. দই-ফলের সালাদ
উপকরণ: টক বা মিষ্টি দই ২৫০ গ্রাম। ফল (যেমন: কলা, আপেল, আঙুর, কমলা, পেঁপে, আনার, কিশমিশ) – প্রতিটি ১ কাপ করে। মধু ২ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো, সাধারণ লবণ স্বাদমতো, জিরা গুঁড়া আধা চা চামচ এবং কুচানো পেস্তা বাদাম।
প্রস্তুত প্রণালি: সব ফল ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি পাত্রে ফলের সাথে দই, মধু, গোলমরিচের গুঁড়া, সাধারণ লবণ, জিরা গুঁড়া এবং পেস্তা বাদাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সালাদটি পরিবেশনের আগে কিছুক্ষণ ফ্রিজে রাখলে ঠান্ডা ও সতেজ লাগবে।
এই সালাদগুলো তৈরি করা যেমন সহজ, তেমনই স্বাস্থ্যকর ও সুস্বাদু। ইফতারের টেবিলে এই ফলমূলের সম্ভার যোগ করলে তা সবার মন জয় করবে নিশ্চিত।
রিপোর্টারের নাম 























