আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানিকগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, নারীরা আজ কেবল ঘরের দায়িত্বই নয়, দেশ পরিচালনায়ও সমান পারদর্শী। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নারীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা কর্মপরিকল্পনা প্রণয়ন করেছেন এবং এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) মানিকগঞ্জ জেলা শহরের সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘নারী সমাজ ক্রমশ এগিয়ে যাচ্ছে। নারী উদ্যোক্তাদের আরও বেশি সহায়তা প্রদানের জন্য সরকার সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।’
মন্ত্রী আরও জোর দিয়ে বলেন যে, রাজনীতিতেও নারীদের অংশগ্রহণ বাড়ছে। তৃণমূল পর্যায়ে তাদের আরও সক্রিয় ও উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত এই আয়োজনে জাতীয় মহিলা সংস্থা, খাদ্য কর্মসূচি এবং অন্যান্য সংস্থা সহযোগিতা করেছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম, জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মর্জিনা ইয়াসমিনসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি আফরোজা খানম রিতা প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট ও ভাতা বিতরণ করেন।
রিপোর্টারের নাম 
























