কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে ইফতারে অংশগ্রহণের অভিযোগ উঠেছে। গত শনিবার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের পাশে বসে ইফতার করছেন উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক রেজাউল করিম, আলোচিত জুলাই হত্যা মামলার আসামি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক চেয়ারম্যান, ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসাধারণ সম্পাদক শরিফ খান আকাশ এবং এ বিল্লাল হোসেন। এছাড়াও ছবিতে জাতীয় পার্টি থেকে নির্বাচন করা এমপি পদপ্রার্থী জাহাঙ্গীর আলমকেও দেখা যায়, যিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেনের আপন ভাই।
ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়ন এ প্রসঙ্গে বলেন, ‘শরিফ খান আকাশ নিষিদ্ধ ছাত্রলীগ করলেও তিনি সাংবাদিকতা করেন। আমরা সবাইকে দাওয়াত দিয়েছি।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ব্রাহ্মণপাড়ার কয়েকজন বাসিন্দা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী এবং হত্যা মামলার আসামিদের সঙ্গে ইফতারে অংশ নেওয়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। তারা মনে করেন, সরকারি কর্মকর্তা হিসেবে এমন কাজ করা একেবারেই অনুচিত এবং তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ফয়সাল আহমেদ আকন্দ বলেন, ‘এটা মেনে নেওয়া যায় না। আমরা দাওয়াত পাই না। একজন সরকারি কর্মকর্তা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে কীভাবে বসেন, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।’
এ বিষয়ে জানতে ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমানের সাথে কথা বলবেন।
রিপোর্টারের নাম 
























