চাঁদা আদায়ের উদ্দেশ্যে পেশাদার সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আহত সাংবাদিকদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই হামলার তীব্র নিন্দা জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের ওপর এই সন্ত্রাসী হামলা চালানো হয়। ঘটনার সূত্রপাত হয় স্থানীয় সন্ত্রাসীদের চাঁদা দাবির মধ্য দিয়ে। গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যরা পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে উক্ত পার্কে পিকনিক শেষে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাদের কাছে চাঁদা দাবি করে। সাংবাদিকরা প্রতিবাদ জানালে প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলায় ক্র্যাবের সদস্য সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এস এম ফয়েজ এবং ক্র্যাবের স্টাফ লালসহ মোট ১০ জন সাংবাদিক আহত হন।
এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, চাঁদাবাজির উদ্দেশ্যে পেশাদার সাংবাদিকদের ওপর এই ধরনের ন্যক্কারজনক ও বর্বর হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এটি স্পষ্টতই সন্ত্রাসীদের সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপপ্রয়াস, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি, আহত সাংবাদিকদের দ্রুততম সময়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর অনুরোধ জানান।
রিপোর্টারের নাম 

























