ঢাকা-১৮ আসনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিপি) মনোনীত প্রার্থী আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দিদার আহমেদ মোল্লাকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সোমবার দুপুরে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমন উপলক্ষে উত্তরা ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে আয়োজিত প্রস্তুতি সভাস্থলে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, হামলার ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে দলকে জানানো হয়েছে এবং দলের নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত দিদার মোল্লাকে শোকজ করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনা জানার পর তিনি নিজে আরিফুল ইসলাম আবিদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন এবং জানিয়েছেন যে বিএনপি সকলের সঙ্গে সহাবস্থানে বিশ্বাস করে এবং তাদের পক্ষ থেকে কোনো উস্কানিমূলক আচরণ করা হবে না।
তিনি বলেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা জরুরি। এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংযোগ নেই। তিনি আশ্বাস দেন যে, একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং কেউ জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এনসিপি প্রার্থী আবিদের প্রতি তিনি বলেন, নির্বাচন নিয়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য নেই। প্রয়োজনে তারা একসঙ্গে জনগণের কাছে ভোট চাইবেন এবং জনগণ যাকে যোগ্য মনে করবে, তাকেই নির্বাচিত করবে।
এস এম জাহাঙ্গীর হোসেন আরও উল্লেখ করেন যে, বিএনপি একটি বৃহৎ সংগঠন এবং মাঠ পর্যায়ে সব ঘটনা সম্পর্কে অবগত থাকা সম্ভব নয়। তবে যেকোনো অভিযোগ উঠলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় নির্বাচনি প্রচারণার সময় এনডিপি প্রার্থী আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনা ঘটে।
রিপোর্টারের নাম 

























