নারায়ণগঞ্জের কাঁচপুরে এক নির্বাচনি জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে সাত থেকে দশ দিনের জন্য নগদ অর্থ বা খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান।
রোববার (২৫ জানুয়ারি) মধ্যরাতে দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, মা ও গৃহিণীদের পাশে দাঁড়াতে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এর মাধ্যমে তাদের প্রতি মাসে নির্দিষ্ট সময়কালের জন্য সহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে মা-বোনরা নিরাপদে রাস্তায় হাঁটতে পারবেন এবং ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা পরিচালনা করতে পারবেন। যে কোনো অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে যেই হোক না কেন।
এলাকায় মাদক ও দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। পাশাপাশি দেশে ও বিদেশে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করবো।
নদী-নালা বন্ধ হয়ে যাওয়া এবং জলাবদ্ধতার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, এখানকার নদী-নালা রক্ষায় আবারও খাল খননের উদ্যোগ নেওয়া হবে। মসজিদ-মাদ্রাসার ইমাম ও খতিবদের সম্মানিত করার পাশাপাশি তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। তিনি আরও বলেন, রাস্তাঘাট, স্কুল ও কালভার্ট ভেঙে গেছে। এসব পুনরায় নির্মাণ করে এলাকার যোগাযোগ ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে।
ভোটের দিন আজকের সমাবেশের মতো উপস্থিত থেকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিগত ১৫-১৬ বছর ধরে দেশে ডামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী ১২ তারিখে নিজের ভোটাধিকার প্রয়োগ করে অধিকার বুঝে নিতে হবে। জনগণের অধিকারের পাহারা জনগণকেই দিতে হবে। আপনারা পাশে থাকলে আমরা সফল হতে পারবো।
রিপোর্টারের নাম 

























