সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপে স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে চতুর্থ হয়েছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শ্রীলঙ্কা সরাসরি ৩-০ সেটে বাংলাদেশকে পরাজিত করে টুর্নামেন্টে তৃতীয় স্থান দখল করেছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) শ্রীলঙ্কা প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলেও বাংলাদেশ খেলায় ফিরতে পারেনি। এই সেটে শ্রীলঙ্কা ২৫-২৩ পয়েন্টে জয়লাভ করে ২-০ সেটে এগিয়ে যায়। এরপর ২৫-২০ পয়েন্টে তৃতীয় সেটটিও জিতে নিয়ে শ্রীলঙ্কা তাদের জয় নিশ্চিত করে। এর ফলে বাংলাদেশের তৃতীয় হওয়ার আশা শেষ হয়ে যায়।
এর আগে, গত ২৪ অক্টোবর রাউন্ড রবিন লীগের খেলায় এই দুই দলের সাক্ষাতে বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।
এদিকে, আজ টুর্নামেন্টের ফাইনালে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান মুখোমুখি হতে যাচ্ছে।
রিপোর্টারের নাম 

























