নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর বিরুদ্ধে ‘দ্বিমুখী নীতি’ অবলম্বনের অভিযোগ এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসি বাংলাদেশের আপিল প্রত্যাখ্যান করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নাকভি, যিনি এটিকে বাংলাদেশের প্রতি স্পষ্ট ‘অবিচার’ হিসেবে উল্লেখ করেছেন।
লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিসিবি সভাপতি মহসিন নাকভি বলেন, “বাংলাদেশের সঙ্গে অবিচার করা হচ্ছে। আইসিসি’র দ্বিমুখী নীতি থাকতে পারে না। ভারত ও পাকিস্তানের জন্য যদি বিশেষ ‘হাইব্রিড মডেল’ থাকতে পারে, তবে বাংলাদেশের জন্য কেন নয়? এক দেশ অন্য দেশকে dictate করতে পারে না।” তিনি আইসিসির এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেটে ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত দেন।
বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে বিশ্বকাপ থেকে পাকিস্তানও সরে দাঁড়াবে কিনা, এমন প্রশ্নের জবাবে নাকভি জানান, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলার জন্য পিসিবির একাধিক পরিকল্পনা (প্ল্যান এ, বি, সি, ডি) প্রস্তুত রয়েছে।
এই টানাপোড়েনের সূত্রপাত হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। মূলত, কিছু উগ্রবাদী গোষ্ঠীর পক্ষ থেকে হুমকির জেরে মোস্তাফিজকে নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল পাঠানোর বিষয়ে নিরাপত্তা শঙ্কায় ভোগে এবং শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, এই ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 
























