লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি ও পারস্পরিক সম্মানের বার্তা নিয়ে ব্যতিক্রমী এক ক্রীড়া কার্যক্রমের আয়োজন করেছে বাংলাদেশ উইমেন স্পোর্টস ফেডারেশন (বিডব্লিউএসএফ)। শুক্রবার রিয়া গোপ উইমেনস স্পোর্টস কমপ্লেক্সে ‘খেলার ডাক’ শীর্ষক এই আয়োজনে ছেলে ও মেয়ে মিলিয়ে প্রায় ২০০ শিশু একসঙ্গে অংশ নেয়। খেলাধুলার মাধ্যমে সমাজে সমতার মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ মেয়েই খেলাধুলার পর্যাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হয়। এই বাস্তবতাকে সামনে রেখে ‘খেলার ডাক’ আয়োজনে মেয়েদের অংশগ্রহণের ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তাদের জন্য একটি নিরাপদ, সহায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ তৈরি করা হয়, যেখানে তারা আত্মবিশ্বাসের সঙ্গে খেলাধুলার অভিজ্ঞতা অর্জন করতে পারে।
অনুষ্ঠানের সূচনা হয় ‘সুস্থ নিশ্বাস’ নামের একটি বিশেষ মাইন্ড অ্যান্ড বডি সেশনের মাধ্যমে, যেখানে শিশুদের শ্বাস-প্রশ্বাসের কৌশল ও শারীরিক ব্যায়াম শেখানো হয়। এটি শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। সার্টিফায়েড কোচদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, গলফ, টেনিস, টেবিল টেনিস, আর্চারি, বাস্কেটবল ও বক্সিংসহ বিভিন্ন ধরনের খেলায় অংশ নেওয়ার সুযোগ পায়। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল ‘খেলবেই বাংলাদেশ’।
এই আয়োজনের মধ্য দিয়ে অনেক শিশু প্রথমবারের মতো বিভিন্ন খেলাধুলার স্বাদ উপভোগ করার সুযোগ পায়। দিনব্যাপী আনন্দ ও উদ্দীপনার পর অংশগ্রহণকারী সব শিশুকে মেডেল দিয়ে উৎসাহিত করা হয়। বিডব্লিউএসএফ-এর সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এই প্রসঙ্গে বলেন, “শিশুরা যখন সমানভাবে একসঙ্গে খেলতে শেখে, তখন তারা ভবিষ্যতে সমতার মূল্যবোধ নিয়েই বড় হয়। ‘খেলার ডাক’ এমন একটি ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টা, যেখানে খেলা ও সুযোগ—দুটোই সবার জন্য।”
রিপোর্টারের নাম 























