ক্রিকেটীয় উৎকর্ষ সাধনের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে দুই দেশ ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে। শুক্রবার (১৬ জানুয়ারী) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় বাংলাদেশ হাইকমিশন চ্যান্সারিতে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই চুক্তি সম্পাদিত হয়।
চুক্তিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফোলেভসি মোসেকি।
প্রিটোরিয়া বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, এই সমঝোতার অধীনে বাংলাদেশের উদীয়মান ক্রিকেটাররা নিয়মিতভাবে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত সিএসএর সেন্টার অব এক্সেলেন্সে উন্নত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি, আম্পায়ার এবং পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচির আয়োজন করা হবে। এছাড়া, নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই সমঝোতা স্মারকের আওতায় কোচিং-এর মানোন্নয়ন, কারিগরি জ্ঞান আদান-প্রদান এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উভয় ক্রিকেট বোর্ড যৌথভাবে কাজ করবে। তিন বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ক্রিকেট সম্পর্ককে আরও মজবুত করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 























