ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নিরাপত্তা ইস্যুতে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বৈশ্বিক এই আসর বয়কটের জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে এটি একটি সুবর্ণ সুযোগ বলেও মন্তব্য করেছেন এই অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের ভেন্যুতে দল পাঠাতে নারাজ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্টভাবে জানিয়েছেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায়, তবে তা ভারতের মাটিতে নয়, বরং বৈশ্বিক আসরের আরেক সহ-আয়োজক শ্রীলঙ্কার ভেন্যুতে। তবে আইসিসি ভারতের চাপে বাংলাদেশের এই যৌক্তিক দাবি প্রত্যাখ্যান করেছে।
আইসিসির এই সিদ্ধান্তকে মানতে পারেননি রশিদ লতিফ। পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের আহ্বান জানিয়ে তিনি বলেন, “পাকিস্তান ও ভারতের ম্যাচ যদি না হয়, তবে অর্ধেক বিশ্বকাপই অর্থহীন হয়ে যায়। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। পাকিস্তানের উচিত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানানো। এখনই সঠিক সময় নিজেদের অবস্থান স্পষ্ট করার জন্য, আর এর জন্য প্রয়োজন দৃঢ় মনোবল।”
নিরাপত্তা ইস্যুতে আইসিসির দেওয়া আশ্বাসেরও তীব্র সমালোচনা করেছেন রশিদ লতিফ। তিনি আইসিসির অবস্থানে সন্তুষ্ট নন। সাবেক এই পাকিস্তান অধিনায়ক প্রশ্ন তোলেন, “এটা ভালো সিদ্ধান্ত মনে হচ্ছে না। আইসিসি বলছে, ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য কোনো ঝুঁকি নেই। বিশ্বের কোনো সংস্থাই শতভাগ নিশ্চয়তা দিতে পারে না যে কোনো বিপদ হবে না – আইসিসি কীভাবে তা বলতে পারে? সবচেয়ে নিরাপদ স্থানেও কেউ এমন নিশ্চয়তা দিতে পারে না। আশা করি, কোনো দলেরই কোনো ক্ষতি হবে না।”
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের পর্দা উঠবে আগামী ৭ ফেব্রুয়ারি।
রিপোর্টারের নাম 
























