লা লিগায় সর্বশেষ হারের ধাক্কা কাটিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বড় জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চেক প্রজাতন্ত্রের ফরচুনা অ্যারেনায় স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৪-২ গোলের এই জয়ে ইউরোপ সেরার মঞ্চে নিজেদের অবস্থান সুসংহত করল কাতালান ক্লাবটি। দলের হয়ে জোড়া গোল করেছেন ফারমিন লোপেজ, বাকি দুটি গোল দানি ওলমো ও রবার্ট লেভানডোভস্কির। প্রাগের হয়ে একটি গোল করেছেন ভাসিল কুসেজ, অন্যটি এসেছে আত্মঘাতী গোল থেকে।
কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে লামিনে ইয়ামালকে ছাড়াই দল সাজাতে হয়েছিল কোচ হ্যান্সি ফ্লিককে। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বার্সা, দশম মিনিটেই চেক ফরোয়ার্ড ভাসিল কুসেজের গোলে পিছিয়ে পড়ে তারা। তবে এই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে বেশি সময় লাগেনি। ৩৪তম মিনিটে ফারমিন লোপেজের গোলে সমতায় ফেরে ফ্লিকের দল। আট মিনিট পর আবারও লোপেজের জাদুতে এগিয়ে যায় বার্সেলোনা। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি, প্রথমার্ধের শেষ দিকে রবার্ট লেভানডোভস্কির আত্মঘাতী গোলে ফের সমতায় ফেরে স্লাভিয়া প্রাগ।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা। বদলি হিসেবে মাঠে নামার মাত্র এক মিনিটের মাথায়, ৬১তম মিনিটে গোল করে দলকে আবারও এগিয়ে দেন দানি ওলমো। এরপর প্রথমার্ধে করা আত্মঘাতী গোলের প্রায়শ্চিত্ত করেন পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কি। ৭০তম মিনিটে সতীর্থ রাশফোর্ডের নিপুণ পাস থেকে এক টোকায় বল জালে জড়িয়ে বার্সার ৪-২ গোলের জয় নিশ্চিত করেন তিনি।
পুরো ম্যাচে ৫৯ শতাংশ বলের দখল রেখেছিল বার্সেলোনা, যেখানে তারা মোট ১৭টি শট নেয়, যার মধ্যে ১২টিই ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে, স্লাভিয়া প্রাগের ৮টি শটের মধ্যে মাত্র দুটি লক্ষ্যে ছিল। এই জয়ের ফলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দৌড়ে নিজেদের ভালো অবস্থানে রাখল বার্সেলোনা। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা নবম স্থানে উঠে এসেছে। তাদের সামনে থাকা আরও তিনটি দলের পয়েন্টও সমান ১৩। প্রথম পর্বের আর একটি রাউন্ড বাকি রয়েছে। এরপর শীর্ষ ৮টি দল সরাসরি শেষ ষোলোতে যাবে এবং ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো প্লে-অফ খেলে বাকি আটটি স্লট পূরণ করবে।
রিপোর্টারের নাম 





















