ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগে গত রাতে দেখা গেল বড় দলগুলোর মিশ্র পারফরম্যান্স। একদিকে যেমন রিয়াল মাদ্রিদ ও আর্সেনাল তাদের প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে, অন্যদিকে ম্যানচেস্টার সিটি ও বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিকে পোহাতে হয়েছে অপ্রত্যাশিত হারের যন্ত্রণা। এই ফলাফল পয়েন্ট টেবিলে এনেছে নতুন সমীকরণ, বিশেষ করে হেরে যাওয়া দলগুলোর জন্য শেষ ষোলোর পথ কঠিন করে তুলেছে।
নতুন কোচের অধীনে রিয়াল মাদ্রিদ নিজেদের চিরচেনা রূপে ফিরেছে। ফরাসি ক্লাব মোনাকোকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে আলভারো আরবেলোয়ারের দল। সাবেক ক্লাবের বিপক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো একটি করে গোল করেন। অপর গোলটি ছিল আত্মঘাতী। মোনাকোর হয়ে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন জর্দান তেজে। এই জয়ে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে এবং শেষ ষোলোর দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
রিয়ালের বড় জয়ের দিনে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট আর্সেনালও তাদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে। মিকেল আর্তেতার দল ৩-১ গোলে ইন্টার মিলানকে পরাজিত করে টানা সপ্তম জয় তুলে নিয়েছে। গানারদের হয়ে জোড়া গোল করেছেন গ্যাব্রিয়েল জেসুস। বদলি হিসেবে নামা ভিক্টর গিওকেরেস দলের হয়ে অন্য গোলটি করেন। ইন্টার মিলানের একমাত্র গোলদাতা পিতার সুসিচ। এই জয়ে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আর্সেনাল তাদের শীর্ষস্থান আরও মজবুত করেছে। অন্যদিকে, ইন্টার মিলান ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নয় নম্বরে অবস্থান করছে।
তবে রিয়াল ও আর্সেনালের দাপটের রাতে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে ম্যানচেস্টার সিটির ক্ষেত্রে। ‘পুঁচকে’ ক্লাব বোদোর কাছে ৩-১ গোলে নাস্তানাবুদ হয়েছে পেপ গার্দিওলার দল। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এই প্রথম জয় পেল নরওয়ের ক্লাবটি। বোদোর অসাধারণ এই জয়ে ড্যানিশ ফরোয়ার্ড কাস্ফার হগ জোড়া গোল করেন এবং নরওয়েজিয়ান ফরোয়ার্ড জেন্স পিটার হউগে একটি গোল করেন। সিটির হয়ে একটি গোল শোধ করেন ফরাসি উইঙ্গার রায়ান চের্কি। এই হারে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে নেমে গেছে সিটিজেনরা। এতে তাদের শেষ ষোলো নিশ্চিত করা বেশ কঠিন হয়ে পড়েছে। লিগ পর্বের শেষ ম্যাচে গালাতাসারায়ের বিপক্ষে ফলের ওপর নির্ভর করবে সিটির প্লে অফ ভাগ্য।
এমন হারের পর ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন, ‘আজ আমাদের জন্য একটি দারুণ সুযোগ ছিল। কিন্তু সবকিছুই যেন আমাদের বিপক্ষে যাচ্ছিল—ছোট ছোট অনেক বিষয়েই। এটাই বাস্তবতা, আর আমাদের সেটি বদলানোর চেষ্টা করতে হবে। খেলোয়াড়রা মাঠে ছিল এবং আমরা চেষ্টা করেছি।’
ম্যানচেস্টার সিটির হারই শুধু চমক ছিল না। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিও দেখেছে কঠিন এক রাত। প্রথম ফরাসি ক্লাব হিসেবে ইউরোপীয়ান প্রতিযোগিতায় ৩০০ ম্যাচ খেলার দারুণ মাইলফলকের রাতে স্পোর্টিং সিপি তাদের ২-১ গোলে পরাজিত করেছে। সিপির জয়ের নায়ক কলম্বিয়ান ফরোয়ার্ড লুইজ সুয়ারেজ জোড়া গোল করেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেন খাভিচা কাভারাস্কেলিয়া। এই হারে সাত ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে এসেছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে ছয়ে উঠে এসেছে স্পোর্টিং সিপি।
প্রতিযোগিতার অন্যান্য ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে টটেনহ্যাম হটেম্পার। খেলার ১৪ মিনিটে ক্রিস্তিয়ান রোমেরোর গোলে এগিয়ে যাওয়ার পর ডমিনিচ সোলাঙ্কের গোলে ব্যবধান দ্বিগুণ করে ইংলিশ ক্লাবটি। ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জিতেছে আয়াক্স। কাজাখস্তানের ক্লাব কাইরত আলমাতিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজ। ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে নাপোলি। অপরদিকে, বায়ার লেভারকুজেন গ্রিসের ক্লাব অলিম্পয়াকোসের বিপক্ষে ২-০ গোলে হেরেছে।
রিপোর্টারের নাম 






















