দেশের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের সংস্কার এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি পৃথক বিভাগকে একীভূত করে পুনরায় ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়’ গঠন এবং ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্র দ্রুত উদ্ধার এবং চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দমনে সর্বাত্মক যৌথ অভিযানের নির্দেশ দিয়েছেন।
গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১১৯তম সভায় মোট ১১টি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদিত হয়। সভা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে প্রেস সচিব শফিকুল আলম জানান যে স্বাস্থ্য খাতের সেবার মানোন্নয়ন ও সমন্বয়হীনতা দূর করতে দুই বিভাগকে একত্র করা হয়েছে। এছাড়া দেশের প্রশাসনিক মানচিত্রে নতুন ৪টি থানার অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জে পূর্বাচল দক্ষিণ এবং কক্সবাজারে মাতারবাড়ী থানা গঠিত হবে। নরসিংদীর রায়পুরা উপজেলাকে ভেঙে আরও একটি নতুন থানা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা অধ্যাদেশ ২০২৫ এর আলোকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি পৃথক বিভাগ গঠনের প্রস্তাবও অনুমোদিত হয়।
নির্বাচন নিয়ে চলা সব ধরনের সংশয় ও অনিশ্চয়তা উড়িয়ে দিয়ে প্রেস সচিব সুনির্দিষ্টভাবে জানিয়েছেন যে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ পেছানোর কোনও সুযোগ নেই এবং সরকার রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি প্রত্যাশা করছে। যারা নির্বাচন নিয়ে নেতিবাচক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তাদের গণতন্ত্রবিরোধী অপশক্তি হিসেবে অভিহিত করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে সারা দেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে বিশেষ চিরুনি অভিযান জোরদার করার জন্য সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিশেষ করে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলার ঘটনায় সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। প্রেস সচিব জানান যে ওই এলাকায় সেনাবাহিনীসহ সব বাহিনীর সমন্বয়ে ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে এবং জড়িত সন্ত্রাসীদের পরিচয় বা ক্ষমতা যাই হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। একই সভায় পর্যটন ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে সাতক্ষীরা জেলাকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরির জেলায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া স্পেনে সাম্প্রতিক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্প্যানিশ প্রেসিডেন্টের কাছে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
রিপোর্টারের নাম 
























