আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ভেন্যু নিয়ে বাংলাদেশ তার অবস্থানে অনড় রয়েছে। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার মাটিতে এই টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়ে বাংলাদেশ কোনোভাবেই আপস করবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই, তবে কোনো অযৌক্তিক শর্ত মেনে নিয়ে নয়। ভারতের মাটিতে এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার প্রশ্নই আসে না।” তিনি আরও যোগ করেন, “যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের মুখে আমাদের ওপর কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দেয়, তবে আমরা তা মানতে বাধ্য নই।”
আইসিসি অতীতে ভেন্যু পরিবর্তনের নজির স্থাপন করেছে উল্লেখ করে ক্রীড়া উপদেষ্টা বলেন, “ভারত পাকিস্তানে খেলতে রাজি না হওয়ায় আইসিসি ভেন্যু পরিবর্তন করেছে। আমরা অত্যন্ত যৌক্তিক কারণ দেখিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছি। অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।”
এর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করলে আইসিসি র্যাংকিং অনুযায়ী স্কটল্যান্ডকে খেলার সুযোগ দেবে। এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “আমার জানামতে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা শুনিনি।”
অন্যদিকে, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে যে, আইসিসি বিশ্বকাপ আয়োজনের ভেন্যু নিয়ে স্কটল্যান্ডের সাথে কোনো আলোচনা করেনি। স্কটল্যান্ডের ক্রিকেট কর্মকর্তারা বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে আইসিসির সাথে এ বিষয়ে কোনো আলোচনায় বসতে নারাজ বলে জানা গেছে।
আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে বলে কিছু গণমাধ্যম খবর প্রকাশ করলেও, বিসিবি এই বিষয়টি অস্বীকার করেছে।
রিপোর্টারের নাম 
























