বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে নিজেদের জয়যাত্রা অব্যাহত রেখেছেন শীর্ষ সারির খেলোয়াড়রা। নোভাক জোকোভিচ ও কার্লোস আলকারাজের পর এবার দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন ইতালির জানিক সিনার। অন্যদিকে, নারী এককে কঠিন লড়াই শেষে প্রথম রাউন্ডের বাধা পেরিয়েছেন জাপানের নাওমি ওসাকা। আরও বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ও স্বস্তির জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
পুরুষ এককে দ্বিতীয় বাছাই জানিক সিনার ওয়াকওভারের সুবাদে দ্বিতীয় রাউন্ডে পদার্পণ করেছেন। ফরাসি প্রতিপক্ষ হুগো গ্যাস্টন অ্যাকিলেস টেন্ডনের চোটের কারণে ম্যাচ ছেড়ে দিতে বাধ্য হন। ইনজুরিতে পড়ার আগে অবশ্য সিনার ৬-২ ও ৬-১ গেমে এগিয়ে ছিলেন।
নারী এককের প্রথম রাউন্ডে জাপানের তারকা নাওমি ওসাকা ক্রোয়েশিয়ার অ্যান্তোনিও রুজিচকে ৬-৩, ৩-৬ ও ৬-৪ গেমে পরাজিত করে পরের ধাপে উঠেছেন। এই জয় ওসাকার জন্য ছিল বেশ চ্যালেঞ্জিং।
অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রের মেডিসন কিস ৭-৬ (৮-৬) ও ৬-১ গেমে ইউক্রেনের আলেকসান্দ্রা অলিনিকোভাকে পরাজিত করেন। লাটভিয়ার জেলেনা অস্তাপেনকো স্লোভাকিয়ার রেবেকা স্রামকোভার বিপক্ষে ৬-৪ ও ৬-৪ গেমে সহজ জয় পান। সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচ ৬-০ ও ৭-৫ গেমে ব্রিটিশ তারকা কেটি বোল্টারকে হারিয়েছেন। এছাড়া, জার্মানির লরা সিগমুন্ড ০-৬, ৭-৫ ও ৬-৪ গেমে রাশিয়ার লিউডমিলা সামসনোভাকে হারান। কাজাখস্তানের এলিনা রাইবাকিনা ৬-৪ ও ৬-৩ গেমে স্লোভেনিয়ার কাজা জুভানকে এবং চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিসকোভা ৭-৬ (৯-৭) ও ৬-২ ব্যবধানে যুক্তরাষ্ট্রের স্লোয়ানে স্টেফেন্সকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন।
রিপোর্টারের নাম 
























