নীলফামারীর সৈয়দপুরে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ বাক্সে ভোট প্রদানের আহ্বান জানিয়ে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার রাতে শহরের প্রাণকেন্দ্র শহীদ ডা. জিকরুল হক সড়ক সংলগ্ন প্রেসক্লাব এলাকা থেকে এই কর্মসূচি শুরু করা হয়।
সৈয়দপুর শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত এই প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম। শহর আমীর মো. শরফুদ্দিন খানের সভাপতিত্বে কর্মসূচিতে স্থানীয় জামায়াত ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
প্রচারণা চলাকালে ভোটারদের উদ্দেশে হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, একটি সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের চাবিকাঠি এখন সাধারণ মানুষের হাতে। গণভোটে ‘হ্যাঁ’ সূচক রায় প্রদানের মাধ্যমেই নতুন দেশ গড়ার পথ সুগম হবে। দেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে তিনি ভোটারদের নিজে ভোটকেন্দ্রে আসার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করার আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগাবে।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর শহর শাখার সেক্রেটারি ওয়াজেদ আলী, সহকারী সেক্রেটারি আব্দুল মোমেন, উপজেলা যুব বিভাগের সভাপতি রেজওয়ান হাসান এবং শহর প্রচার সম্পাদক আব্দুস সালাম। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা এই গণসংযোগে অংশ নেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী এই গণভোট আয়োজনের কথা রয়েছে। মূলত এই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করেই মাঠ পর্যায়ে তৎপরতা বাড়িয়েছে সংগঠনটি।
রিপোর্টারের নাম 























