চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র্যাবের এক উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিহত হয়েছেন। নিহত র্যাব কর্মকর্তার নাম আব্দুল মোতালেব। সোমবার বিকেলের এই রক্তক্ষয়ী সংঘর্ষে র্যাবের এক সোর্সসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল তিনটার দিকে জঙ্গল ছলিমপুর এলাকায় একটি বিশেষ গ্রেপ্তার অভিযানে যায় র্যাবের একটি দল। অভিযান চলাকালে ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের অনুসারী হিসেবে পরিচিত কালা ইয়াছিন, নুরুল হক ভান্ডারী, ওমর ফারুক ও মো. কাজী ফারুকের নেতৃত্বে প্রায় ৪০০ থেকে ৫০০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল র্যাবের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা পরিকল্পিতভাবে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে র্যাব সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তারা র্যাবের ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করে এবং একজন সোর্সসহ তিনজনকে জোরপূর্বক আলীনগরের গহীন পাহাড়ে তুলে নিয়ে যায়। সেখানে তাদের ওপর পৈশাচিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অপহৃতদের উদ্ধার করতে সক্ষম হয়।
এই ঘটনার পর থেকে জঙ্গল ছলিমপুর ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘাতক সন্ত্রাসীদের গ্রেপ্তারে বর্তমানে ছিন্নমূল, আলীনগর ও লিংক রোড এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং জড়িতদের আইনের আওতায় আনতে জঙ্গল ছলিমপুরের ভেতরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ উঠেছে, পুরো হামলার নেপথ্যে থেকে নেতৃত্ব দিয়েছে স্থানীয় ত্রাস হিসেবে পরিচিত সন্ত্রাসী ইয়াছিন ও তার বাহিনী।
রিপোর্টারের নাম 
























