জাতীয় শিক্ষা সপ্তাহের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে চাঁদপুরের মতলব দক্ষিণের মেধাবী শিক্ষার্থী সানিয়া সাঈদ। ইংরেজি রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে সে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সোমবার (২৭ মে) ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে আয়োজিত চূড়ান্ত প্রতিযোগিতায় তার এই সাফল্যের ঘোষণা দেওয়া হয়।
সানিয়া সাঈদ মতলব দক্ষিণ উপজেলার নব প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান ‘কেএফটি কলেজিয়েট স্কুল’-এর দশম শ্রেণির ছাত্রী। সে ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতায় ইংরেজি রচনা প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়েছে। একইসঙ্গে ২০২৬ সালের প্রতিযোগিতায় একই ইভেন্টে ‘খ’ গ্রুপে জাতীয় পর্যায়ে রানারআপ (দ্বিতীয় স্থান) হওয়ার অনন্য নজির স্থাপন করেছে সে। জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত লড়াইয়ে নামার আগে সানিয়া পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে নিজের মেধার স্বাক্ষর রেখেছিল।
শিক্ষার্থীর এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মো. জাকির হোসেন কামাল। তিনি বলেন, সানিয়া সাঈদ তার মেধা ও পরিশ্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে মতলব তথা চাঁদপুর জেলার মুখ উজ্জ্বল করেছে। চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি হিসেবে তার এই অর্জন আমাদের জন্য অত্যন্ত গর্বের। তিনি সানিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলায়েত হোসেন জুলহাস সানিয়ার এই অভাবনীয় সাফল্যে আনন্দ প্রকাশ করে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য, কৃতিত্বপূর্ণ এই শিক্ষার্থীর বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামে। জাতীয় পর্যায়ে তার এই সাফল্য স্থানীয় শিক্ষা অনুরাগী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
রিপোর্টারের নাম 
























