সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেলওয়ের ট্রেনের ধাক্কায় আহত হয়ে ডোবায় পড়ে যাওয়া পোষা হাতি ‘সুন্দরমালা’কে বাঁচানো যায়নি। দীর্ঘ চিকিৎসার পর আজ সোমবার দুপুরে হাতিটি মারা গেছে।
সোমবার সকাল থেকেই হাতিটি নিস্তেজ অবস্থায় পড়েছিল। দুপুর ১২টা ৪০ মিনিটে এর মৃত্যু হয়। এ সময় হাতিটির মালিকপক্ষের প্রতিনিধি আবদুস সবুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মালিকপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ৪২ বছর বয়সী সুন্দরমালা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা এলাকার বাসিন্দা কামরুল ইসলামের পোষা হাতি ছিল। গত শনিবার রাতে এটি সিলেটের জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ এলাকায় একটি মেলায় অংশ নিয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়। রথযাত্রা ও মেলা উপলক্ষে হাতিটিকে ভাড়া করা হয়েছিল। এর সঙ্গে ইমন ও রাকিব নামের দুজন মাহুত ছিলেন।
দুর্ঘটনার পর রেললাইন সংলগ্ন একটি ডোবায় পড়ে যায় সুন্দরমালা। রবিবার দুপুরে স্থানীয় প্রশাসন, বন বিভাগ, পুলিশ, ফায়ার সার্ভিস, জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের চিকিৎসক এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দলের সম্মিলিত প্রচেষ্টায় পেলোডার যন্ত্রের সাহায্যে হাতিটিকে ডোবা থেকে ডাঙায় তোলা সম্ভব হয়। দীর্ঘক্ষণ ডোবায় পড়ে থাকায় হাতিটি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। উদ্ধারের পর এটিকে স্যালাইন দেওয়া হয় এবং এর আগে স্টেরয়েড ও অ্যান্টিহিস্টামিনও প্রয়োগ করা হয়েছিল।
সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান জানিয়েছেন, উদ্ধার পরবর্তী সময়ে হাতিটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং পরবর্তী চিকিৎসা ও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের ছিল। তিনি আরও জানান, উদ্ধারের পর হাতিটি নড়াচড়া করতে পারছিল না। তার পেট ফোলা ছিল এবং পেছনের ডান পা নাড়াতে পারছিল না। পিঠের মেরুদণ্ডের মাঝ বরাবর একটি ক্ষতও দেখা গিয়েছিল। এই আঘাতগুলোর কারণে রক্তচাপ বেড়ে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে সুন্দরমালার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























