মাদারীপুরের ঘটকচরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাঁচ নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতদের নিজ গ্রাম পাইকেরবাড়ীতে শোকের মাতম চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার সন্ধ্যায় মাদারীপুর জেলার ঘটকচর এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সার্বিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকেরবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তারা সবাই নিজ গ্রাম থেকে মাদারীপুরে দিনমজুরের কাজ শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।
পাইকেরবাড়ী গ্রামের কলেজছাত্রী পান্না বাড়ৈ জানান, নিহতরা হলেন – পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০)। তারা গতকাল রবিবার ভোরেই কাজের সন্ধানে মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।
একই গ্রামের গৃহিণী কাজল বাড়ৈ বলেন, “আমাদের এলাকার অনেকেই দিনমজুরের কাজ করতে মাদারীপুরের বিভিন্ন এলাকায় যান। গতকাল ভোরে দুলালী, অমিতা, আভা, শেফালী, কামনা কাজ শেষে ফিরছিলেন। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা আর বাড়ি ফিরতে পারেননি, ফিরলেন লাশ হয়ে।”
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরচাঁদ মৃধা খোকন এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ রাতেই গ্রামে আনা হয়েছে এবং এরপর থেকেই সেখানে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তাদের শেষকৃত্যের কাজ সম্পন্ন করা হচ্ছে।
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের পাশে দাঁড়াতে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় এমপি পদপ্রার্থী ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিহতদের পরিবারের সন্তানদের বিনা খরচে পড়াশোনা, সকল পরিবারের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং যেকোনো প্রয়োজনে সার্বিক দায়িত্বভার গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।
রিপোর্টারের নাম 
























