নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর দ্বিতীয় ছেলে এম লাবীব শারাহ আন্তর্জাতিক অঙ্গনে এক গুরুত্বপূর্ণ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন। তিনি ইংল্যান্ড ও ওয়েলসের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (ICAEW) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কোয়ালিফিকেশন লাভ করেছেন।
সোমবার বিকেলে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লাবীব শারাহ এই সাফল্যের কথা জানান। তিনি উল্লেখ করেন, মাত্র তিন বছরের মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোয়ালিফিকেশন সম্পন্ন করা এবং সব পরীক্ষায় প্রথম চেষ্টাতেই উত্তীর্ণ হওয়া তার জীবনের এক উল্লেখযোগ্য অর্জন। পাশাপাশি, বিশ্বের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য একটি হিসাব-নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণ করে তিনি এই কোয়ালিফিকেশন সম্পন্ন করতে পেরে বিশেষভাবে আনন্দিত।
লাবীব শারাহ বলেন, গত তিন বছর তার জীবনের ধৈর্য, পরিশ্রম এবং অধ্যবসায়ের এক কঠিন পরীক্ষা ছিল। এই সময়ে পরিবারের সর্বোচ্চ সহযোগিতা, অনুপ্রেরণা ও মানসিক সমর্থন তাকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য তিনি পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতে যেন তিনি আরও বড় সাফল্য অর্জন করতে পারেন, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এবং নিখোঁজ বাবা এম ইলিয়াস আলী ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর নাম আরও উজ্জ্বল করতে পারেন।
রিপোর্টারের নাম 

























