সঠিক মানুষকে নির্বাচিত করতে না পারলে দুর্নীতি ও অন্যায় আবার ফিরে আসবে এবং পুরোনো ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ নূরজাহান বেগম। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, এমন জনপ্রতিনিধিকে বেছে নিতে হবে যিনি সমগ্র ব্যবস্থাকে সুসংহত করতে পারবেন। সঠিকভাবে ব্যবস্থাটি প্রতিষ্ঠিত হলে কোনো দুর্নীতি বা অন্যায় থাকবে না। আমরা এমন একজন ভালো মানুষকে ভোট দিতে চাই, যিনি আমার, আপনার এবং আমাদের সবার জন্য কাজ করবেন।
তিনি আরও সতর্ক করে বলেন, যদি আমরা সঠিক জায়গায় সিল দিতে ব্যর্থ হই, তাহলে কেবল পুরোনো নিয়মই ফিরে আসবে না, বরং তা দুরন্ত প্রতাপে ফিরে আসবে। কাজেই আমরা সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
কেন ‘হ্যাঁ’ ভোটের ওপর জোর দেওয়া হচ্ছে, সে বিষয়ে ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, এর কারণ হলো আমাদের সন্তানেরা ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। গত ৫০ বছরে আমরা সেই কাঙ্ক্ষিত ফল পাইনি, যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ হয়েছিল এবং আমাদের সন্তানেরা শহীদ বা আহত হয়েছিল। বৈষম্যহীন একটি রাষ্ট্রের যে স্বপ্ন ছিল, তা এখনো অধরা।
উপদেষ্টা আরও উল্লেখ করেন, বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল, যেখানে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বা চাকরির জন্য কোনো ঘুষ বা তদবিরের প্রয়োজন হবে না, বরং মেধার ভিত্তিতে সব কাজ হবে, সেই লক্ষ্য পূরণের জন্য ‘হ্যাঁ’ ভোট জরুরি। ছাত্ররা কোটা নয়, মেধার ভিত্তিতে সবকিছু করার জন্য আন্দোলন করেছিল। যদি মেধার গুরুত্বকে আমরা বাস্তবায়ন করতে চাই এবং আমাদের সন্তানদের জন্য এমন একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই যেখানে যোগ্যতার ভিত্তিতে তাদের মূল্যায়ন হবে, তাহলে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিতে হবে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান এবং সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।
রিপোর্টারের নাম 

























