চাঁদপুরের মতলবে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে পাশের খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৭ জন আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মতলব-পেন্নাই সড়কের পশ্চিম নাগদা ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘জৈনপুর পরিবহন’ (ঢাকা মেট্রো-১৪৭১) নামের একটি বাস প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাবুরহাট থেকে মতলব হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথিমধ্যে নাগদা এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি সড়ক থেকে ছিটকে পাশের খালে পড়ে যায়। তবে ওই সময় খালে পানি না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে উপজেলার নাগদা গ্রামের রাকিব (২৫), নওগাঁও গ্রামের রুবি বেগম (৪৯), ফরিদগঞ্জের মোস্তফা কামাল (৬৫) ও লাভলু (৪৫), হাইমচরের ইয়াসমিন আক্তার (২৪) ও তার তিন বছরের শিশুসন্তান বায়েজিদ এবং চাঁদপুর সদরের সফিকর রহমানকে (৪০) প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আরও ৮ থেকে ১০ জন যাত্রী স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রতন চক্রবর্তী জানান, দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলেও পানি না থাকায় বড় কোনো ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে।
রিপোর্টারের নাম 

























