নরসিংদীর বেলাবোতে ব্যবসায়িক লেনদেন নিয়ে বাগ্বিতণ্ডার জেরে আমলাব ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জগৎ মিয়া (৫০) নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলাবো উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন প্রধানের ছেলে শ্যামল প্রধানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) তাকে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার পাহাড় উজিলাব বাজারে ব্যবসায়িক বিষয় নিয়ে জগৎ মিয়ার সঙ্গে শ্যামল প্রধান ও তার ভাই উজ্জ্বল প্রধানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা জগৎ মিয়ার ওপর চড়াও হন এবং তাকে লক্ষ্য করে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় বারৈচা এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে জগৎ মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং একটি রান্নাঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে শ্যামল প্রধান ও উজ্জ্বল প্রধানকে আসামি করে বেলাবো থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি শ্যামলকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামি উজ্জ্বল প্রধান পলাতক রয়েছেন।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী তৎপর রয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 

























