স্পেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আন্দালুসিয়ায় দ্রুতগতির দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এক ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন অন্তত ১০০ জন যাত্রী। গত কয়েক দশকের মধ্যে দেশটিতে এটিই সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রমতে, গত রোববার সন্ধ্যায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আদামুজ শহরের নিকটবর্তী এলাকায় পৌঁছালে আকস্মিকভাবে লাইনচ্যুত হয়। এসময় ট্রেনটি বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়, যার ফলে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেন দুটিতে সব মিলিয়ে চার শতাধিক যাত্রী অবস্থান করছিলেন।
আন্দালুসিয়ার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত ৭৩ জনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীনদের মধ্যে চার শিশুসহ ২৪ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। উদ্ধারকারী দলের সদস্যরা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতায় ট্রেনের বগিগুলো মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। ধাতব কাঠামো মচকে যাওয়ায় ভেতরে আটকে পড়া মৃতদেহ ও জীবিতদের বের করে আনা অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি এই সময়টিকে দেশের জন্য ‘গভীর বেদনার রাত’ হিসেবে অভিহিত করেছেন। দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, প্রাথমিক দৃষ্টিতে এই দুর্ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক মনে হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে, তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন পেতে অন্তত এক মাস সময় লাগতে পারে।
কর্ডোবা অঞ্চলের ফায়ার সার্ভিস প্রধান ফ্রান্সিসকো কারমোনা উদ্ধার অভিযানের বর্ণনা দিতে গিয়ে বলেন, বগিগুলো জট পাকিয়ে যাওয়ায় উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হচ্ছে। ধ্বংসস্তূপের নিচ থেকে প্রতিটি মানুষকে বের করে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনার পর মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সব ধরনের রেল যোগাযোগ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবারও এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও লাইন মেরামতের কাজ চলছে।
রিপোর্টারের নাম 























