শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, নির্বাচন প্রক্রিয়া বন্ধের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। এই রিটের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, আগামীকাল প্রথমবারের মতো আয়োজিতব্য শাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী মোমিনুর রশিদ শুভ হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করেছেন। এই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গোল চত্বরে সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে শুরু করেন।
“২০ তারিখ শাকসু নির্বাচন চাই”, “শাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখতে হবে”, “শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ” – এমন নানা স্লোগানে মুখরিত ছিল বিক্ষোভ প্রাঙ্গণ। শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনকে তাদের অধিকার হিসেবে উল্লেখ করে বলেন, এই অধিকার আদায়ের পথে কোনো ষড়যন্ত্র তারা মেনে নেবেন না।
শাকসু নির্বাচন বন্ধের এই রিট আবেদনটি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবারের কার্যতালিকার তিন নম্বর ক্রমিকে ছিল এবং আজ (সোমবার) এটির শুনানি হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে দুর্বার সাস্টিয়ান প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক অধিকার। আমরা এই অধিকার আদায়ের জন্য শেষ পর্যন্ত লড়ে যাব। নির্বাচন বন্ধের যেকোনো ষড়যন্ত্র শিক্ষার্থীরা প্রতিহত করবে।”
অন্যদিকে, হাইকোর্টে রিটকারী স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী মোমিনুর রশিদ শুভর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
রিপোর্টারের নাম 















