অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে সৃষ্ট সরকারবিরোধী বিক্ষোভের জেরে এক সপ্তাহেরও বেশি সময় ধরে দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ রাখার পর এবার ধাপে ধাপে তা সচল করার কথা ভাবছে ইরান। দেশটির স্থানীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোববার সকালে তাদের কার্যালয়ে ইন্টারনেট সংযোগ স্থাপন করা সম্ভব হলেও, দেশের বেশিরভাগ ইন্টারনেট সেবা প্রদানকারী এবং মোবাইল ইন্টারনেট পরিষেবা এখনও বন্ধ রয়েছে। কীভাবে এই সীমিত সংযোগ সম্ভব হলো, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
এর আগে গত মঙ্গলবার থেকে আন্তর্জাতিক আউটগোয়িং কল সচল করা হয় এবং শনিবার সকালে এসএমএস সেবাও পুনরায় চালু করা হয়। শনিবার গভীর রাতে দেশটির তাসনিম বার্তা সংস্থা জানায়, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধাপে ধাপে ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর কথা জানিয়েছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
কয়েকদিন ধরে শুধু ইন্টারনেটই নয়, টেক্সট মেসেজ, আন্তর্জাতিক ফোন কল এবং কখনো কখনো স্থানীয় কলও বন্ধ রাখা হয়েছিল। অর্থনৈতিক সংকট থেকে উদ্ভূত সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়লে এই কঠোর যোগাযোগ বিচ্ছিন্নতা আরোপ করা হয়। সরকারবিরোধী আন্দোলন দমনে এমন নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল তেহরান।
রিপোর্টারের নাম 






















