নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুরন্ত সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শারমিন আক্তারের ঝলমলে ব্যাটিং এবং নাহিদা আক্তারের ঘূর্ণিতে ভর করে আজ কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে পরাজিত করেছে টাইগ্রেসরা। এই জয়ে বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জন করল বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য প্রত্যাশিত ছিল না বাংলাদেশের। উদ্বোধনী ব্যাটার দিলারা আক্তার ৮ বলে ১৭ রান করে দ্রুত বিদায় নেন। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারানোর পর দলের হাল ধরেন শারমিন আক্তার। ৮টি চার ও ১টি ছক্কায় মাত্র ৩৯ বলে ৬৩ রানের এক অসাধারণ ইনিংস উপহার দেন তিনি। অধিনায়ক নিগার সুলতানা ২ রানে ফিরলেও সোবহানা মোস্তারি ২৯ বলে ৩২ এবং স্বর্ণা আক্তার ১২ বলে ১৬ রান করে দলের সংগ্রহকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যান। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের হয়ে মাধাবন ৩টি এবং ইসানি ভাগহেলা ২টি উইকেট শিকার করেন।
১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে যুক্তরাষ্ট্রের শুরুটা ছিল বেশ আত্মবিশ্বাসী। দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের উদ্বোধনী জুটি গড়েন। দিশা ২৩ রান করে রাবেয়া খানের শিকার হওয়ার পর থেকেই ছন্দপতন ঘটে মার্কিন শিবিরে। এক উইকেট হারিয়ে ৫৭ রান তোলা যুক্তরাষ্ট্র দ্রুতই ৭৯ রানে ৬ উইকেট হারিয়ে বসে। শেষদিকে রিতু সিং ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেললেও তা কেবল হারের ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানে থেমে যায় যুক্তরাষ্ট্রের ইনিংস।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ছিলেন উজ্জ্বল। তিনি একাই ৪টি উইকেট শিকার করেন, যার মধ্যে ১৮তম ওভারেই নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া রাবেয়া খান নেন ২টি উইকেট। অসাধারণ ব্যাটিংয়ের জন্য শারমিন আক্তার ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।
‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হলো আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউগিনি। আগামী ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই বাছাইপর্ব থেকে চারটি দল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাছাইপর্বের দুই গ্রুপের সেরা তিনটি করে দল সুপার সিক্সে খেলবে এবং সেখান থেকে সেরা চার দল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে।
রিপোর্টারের নাম 
























