ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স সংক্রান্ত অনিয়ম, লাইসেন্স হালনাগাদ না করা এবং খাবার হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর রিং রোড ও আদাবর এলাকায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত প্রায় ১৫টি প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করে। একইসাথে, একটি খাবার হোটেলকে সিলগালা করে দেওয়া হয়েছে।
ডিএনসিসির ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মো. এজাজ। লাইসেন্স সংক্রান্ত ত্রুটি এবং অনুমোদনের অতিরিক্ত আকারের সাইনবোর্ড ও বিলবোর্ড ব্যবহারের অভিযোগেই মূলত এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মো. এজাজ বলেন, অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ট্রেড লাইসেন্স হালনাগাদ করেনি বা তা প্রদর্শন করতে ব্যর্থ হয়েছে। এ কারণে তাদের জরিমানা করা হচ্ছে। তিনি আরও জানান, এসব এলাকার অধিকাংশ প্রতিষ্ঠান অনুমোদনের বাইরে বড় আকারের বিলবোর্ড স্থাপন করেছে। ডিএনসিসি সেগুলোর নতুন করে প্রাক্কলন করছে এবং আইন অনুযায়ী কর আরোপের প্রক্রিয়া শুরু করেছে।
প্রশাসক এজাজ জোর দিয়ে বলেন, শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো যদি নিয়মিত ও সঠিকভাবে বিজ্ঞাপন কর পরিশোধ করে, তবে নগর উন্নয়ন ও নাগরিক সেবা প্রদানে কোনো আর্থিক সংকট সৃষ্টি হবে না। অবৈধ বিজ্ঞাপন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
অভিযানকালে টপটেন, এপেক্স, বে, স্টার ফার্নিচারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ও বিজ্ঞাপন লাইসেন্স সংক্রান্ত অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কাচ্চিভাই খাবার হোটেল। প্রতিষ্ঠানটির রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে, হোটেলটির ট্রেড লাইসেন্স জব্দ করে এটি সিলগালা করে দেওয়া হয়।
পরিদর্শনে দেখা যায়, অভিযুক্ত প্রায় সব প্রতিষ্ঠানই অনুমোদিত মাপের চেয়ে অতিরিক্ত আকারের সাইনবোর্ড ও বিলবোর্ড ব্যবহার করছে। এসব প্রতিষ্ঠানের স্থাপিত সাইনবোর্ড ও বিলবোর্ড নতুন করে পরিমাপ করে বিধি অনুযায়ী নতুন কর নির্ধারণ করা হয়েছে। নতুন ধার্যকৃত কর আদায়ের জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে চলতি সপ্তাহের মধ্যেই নোটিস পাঠানো হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নগরীতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে বলে জানিয়েছে।
রিপোর্টারের নাম 















