আগামী ডিসেম্বরের মাঝামাঝি থেকেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশ (বিবিএল)। এই আসরে খেলার জন্য পাকিস্তানের শীর্ষ ক্রিকেটাররা অনুমতি পেয়েছেন।
যদিও এর আগে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের ওপর বেশ কড়া সিদ্ধান্ত নিয়েছিল পিসিবি। হঠাৎ করেই তারা বাবর-শাহিনদের বিদেশি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া বন্ধ ঘোষণা করে। এই সিদ্ধান্তটি আসন্ন বিগ ব্যাশ, বিপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বড় একটি ধাক্কা ছিল। তবে, পিসিবি এখন এনওসি সংক্রান্ত সেই স্থগিতাদেশ তুলে নিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানের ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন।
প্রতিবেদনে বলা হচ্ছে, পিসিবি এই সিদ্ধান্তের কথা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং পাকিস্তানের খেলোয়াড়দের জানিয়ে দিয়েছে। এর মানে হলো, আগে যারা অনাপত্তিপত্র পেয়েছিলেন, তারা সবাই বিগ ব্যাশে খেলতে পারবেন।
তবে পাকিস্তানের ক্রিকেটাররা কি শুধু বিগ ব্যাশেই খেলবেন, নাকি সব লিগেই খেলার অনুমতি পাবেন, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। জিও নিউজের প্রতিবেদনে শুধু বলা হয়েছে, যাদের আগে থেকেই বৈধ চুক্তি এবং অনুমতি রয়েছে, তাদের ক্ষেত্রেই এই নিয়ম শিথিল করা হয়েছে।
এবারের বিগ ব্যাশ ১৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামী বছরের ২৫ জানুয়ারি পর্যন্ত। ধারণা করা হচ্ছে, ঠিক একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা হতে পারে। যদি পাকিস্তানি ক্রিকেটারদের সব লিগেই খেলার জন্য এনওসি দেওয়া হয়, তাহলে হয়তো বিপিএলেও তাদের দেখা যাওয়ার সম্ভাবনা থাকছে।
এবারের বিগ ব্যাশে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং শাদাব খানের মতো তারকারা বিভিন্ন দল পেয়েছেন।
রিপোর্টারের নাম 

























