কিয়েভের মিত্ররা রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনকে সহায়তার জন্য ব্যবহারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (২৪ অক্টোবর) লন্ডনে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে বক্তারা এই বিষয়ে কথা বলেন।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করতে ইচ্ছুকদের জোটের (কোয়ালিশন অব দ্য উইলিং) বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মস্কোর ওপর চাপ বাড়াতে কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন। এর মধ্যে ছিল বিশ্ববাজারে রুশ তেল-গ্যাসের প্রভাব কমানো এবং ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র সরবরাহ করা।
বৈঠক শেষে স্টারমার বলেন, জব্দ করা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে সহায়তার জন্য যে ঋণ তহবিল গঠন করা হবে, তা দ্রুত কার্যকর করার ব্যাপারে সবার মধ্যে একটি সুস্পষ্ট ঐকমত্য রয়েছে।
এদিকে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা স্থগিত রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনের জন্য বৃহৎ ঋণ তহবিল তৈরির প্রস্তাবটি অনুমোদন করতে ব্যর্থ হন। বেলজিয়ামের পক্ষ থেকে এই প্রস্তাবে আপত্তি জানানো হয়, কারণ রাশিয়ার শত শত বিলিয়ন ডলার মূল্যের রিজার্ভ সেখানেই জমা রাখা আছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইইউ নেতাদের কাছে দীর্ঘপাল্লার অস্ত্রের পাশাপাশি এই স্থগিত সম্পদ ব্যবহারের অনুমোদন চেয়েছিলেন। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন মনে করেন, ক্রিসমাসের আগেই এ বিষয়ে একটি সমাধান খুঁজে বের করা জরুরি, যাতে আগামী বছরগুলোতে ইউক্রেনের আর্থিক সহায়তা নিশ্চিত করা যায়।
অন্যদিকে, রাশিয়া কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে যে, বাজেয়াপ্ত সম্পদ নিয়ে কোনো রকম ‘নয়ছয়’ করা হলে তারা তার কড়া জবাব দেবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রুশ তেল কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা যদিও অবন্ধুসুলভ পদক্ষেপ, তবে তা রাশিয়ার অর্থনীতিতে বড় কোনো প্রভাব ফেলবে না।
জেলেনস্কি ট্রাম্পের এই নতুন নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও ট্রাম্প এখনও ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে সম্মতি দেননি। ন্যাটো মহাসচিব মার্ক রুট্টে এ প্রসঙ্গে বলেন, “এই বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের ব্যাপার।”
ব্রিটেনে সফরের শুরুতে জেলেনস্কি রাজা চার্লসের সঙ্গে উইন্ডসর ক্যাসেলে সাক্ষাৎ করেন। রাজা চার্লস বরাবরই ইউক্রেনের প্রতি তার সমর্থন প্রকাশ করে আসছেন।
রিপোর্টারের নাম 






















