অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফুলের তোড়া পাঠিয়ে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও প্রধান উপদেষ্টার প্রতি শুভকামনা জানিয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ফুলেল শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়।
বিএনপি চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ও সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার এই শুভেচ্ছা তোড়াটি প্রধান উপদেষ্টার দপ্তরে হস্তান্তর করেন। শুভেচ্ছা বার্তায় তারেক রহমান ও তাঁর পরিবার প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবারই সপরিবারে যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তারেক রহমান। ১৭ বছরের প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরার পর সপরিবারে এটিই ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সেই সৌজন্য সাক্ষাতের দুই দিনের মাথায় আজ পুনরায় এই শুভেচ্ছাবার্তা পাঠানো হলো।
রিপোর্টারের নাম 






















