গাজীপুরের টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র–জনতার’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শত শত শিক্ষার্থী, সাধারণ জনতা ও মুসল্লি অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি এশিয়া পেট্রোল পাম্প এলাকা থেকে শুরু হয়। এটি ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী সরকারি কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় এশিয়া পাম্পে ফিরে আসে। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের এজিএস মঈনুল ইসলাম এবং মুর্তুজা হাসান ফুয়াদ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ হাদির আত্মত্যাগ জাতিকে নতুন করে জাগ্রত করেছে। তারা এই হত্যার সুবিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় একটি ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি জানান, তরুণ প্রজন্মের আদর্শিক ও সাংস্কৃতিক বিকাশে এই কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের প্রতি দ্রুত বিচারিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
রিপোর্টারের নাম 
























