ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত। তিনি উল্লেখ করেন, জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ উঠিয়ে নেওয়ার পরই একপর্যায়ে পরাজিত হয়েছে।
বুধবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে দলটির কুমিল্লা জেলা উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজাউল করীম আরও বলেন, জামায়াত বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সঙ্গে তাল মিলিয়ে চলে, যা সবার সামনে পরিষ্কার। তারা কখনো আওয়ামী লীগের সঙ্গে, কখনো বিএনপির সঙ্গে, আবার কখনো অন্যদের সঙ্গে চলে। তাদের চেতনা ছিল ইসলাম, কিন্তু যখন লোগো থেকে ইসলামকে উঠিয়ে ফেলা হয়েছে, তখন তাদের আর কোনো দ্বিতীয় চেতনা জানা নেই।
চরমোনাই পীর আরও অভিযোগ করেন, জামায়াত পরিষ্কার বলেছিল, তারা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত গণতন্ত্র অনুযায়ী। এর ফলে অন্যান্য ইসলামী দল, যারা তাদের সঙ্গে সম্পৃক্ততা রাখে, তারাও এখন ইসলাম হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার নৈতিক ক্ষমতা হারিয়ে ফেলেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা জেলা উত্তরের সভাপতি ক্বারী মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় সংগঠনের উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, আলহাজ্ব আব্দুল করীমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























