গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর এজলাস চলাকালে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ নারী আইনজীবী গুরুতর আহত হয়েছেন। আহত আইনজীবীর নাম সাবিহা সুলতানা। তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
জানা গেছে, গোপালগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মো. সুজন মিয়ার এজলাসে আইনজীবীদের বসার বেঞ্চের পেছনের দিকে কয়েকজন আইনজীবীকে কথা বলতে দেখে তিনি টেবিলে শব্দ করে নিষেধ করেন। আইনজীবীরা তার কথায় কর্ণপাত না করায় বিচারক ক্ষিপ্ত হয়ে কাঁচের একটি পেপার ওয়েট আইনজীবীদের লক্ষ্য করে ছুড়ে মারেন। সেটি শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথায় লেগে ফেটে যায়, এবং তিনি জখম হন।
এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জুলকদর রহমান। তিনি বলেন, “বিচারকের এমন ব্যবহার অপ্রত্যাশিত এবং গোপালগঞ্জ আদালতের ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথম। আমরা এর তীব্র নিন্দা ও বিচার দাবি করছি।”
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও জিপি অ্যাড. এম এ আলম সেলিমও এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
এ বিষয়ে বিচারক মো. সুজন মিয়ার সঙ্গে মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ঘটনার পর থেকে আহত আইনজীবী সাবিহা সুলতানা চিকিৎসাধীন রয়েছেন।
রিপোর্টারের নাম 























