শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে পলিটিক্যাল স্টাডিজ ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীসহ ছাত্রদলের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, গত ১৮ জুলাই সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি তারা ভুল স্বীকার করছেন। তাদের বন্ধু নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন এবং অনুশোচনা প্রকাশ করেছেন। তারা প্রশাসনের প্রতি মানবিক দিক বিবেচনা করে অভিযুক্তদের আরেকটি সুযোগ দেওয়ার এবং শাস্তির বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানান। একই সঙ্গে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের ভবিষ্যৎ, কর্মজীবন ও পরিবারের কথা বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
শিক্ষার্থীরা আরও বলেন, ১৮ জুলাইয়ের ঘটনাটি মুহূর্তের উত্তেজনা থেকে সৃষ্ট একটি হাতাহাতি হলেও এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় যে শাস্তি দিয়েছে, তা কিছুটা শিথিল করে পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছেন তারা। একজন শিক্ষার্থীর কর্মজীবন, পরিবারের ত্যাগ এবং ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রশাসনের উচিত তাকে আরেকটি সুযোগ দেওয়া।
উল্লেখ্য, গত ২১ জুলাই বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাবিপ্রবি শাখা ছাত্রদলের দুই নেতা তারেক রহমান ও হাসিবুর রহমানকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার এবং ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এছাড়া তারেক রহমানের শাহপরাণ হলের আবাসিক সিটও বাতিল করা হয়েছিল।
রিপোর্টারের নাম 

























