শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ পানি পানের সুযোগ নিশ্চিত করতে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন কার্যক্রম শুরু করেছে। বুধবার (২২ জুলাই) সকালে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিল্টার স্থাপনের মধ্য দিয়ে এই জনকল্যাণমূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি একাডেমি, পৌর জনকল্যাণ একাডেমি, লক্ষ্মীপুর সরকারি কলেজ, দত্তপাড়া ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজসহ অধিকাংশ বিদ্যালয় ও কলেজে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্য সচিব হাসিবুর রহমান অভি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ, ফয়েজ আহাম্মেদ, রাকিব হোসেন, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসিব গাজীর পাশাপাশি বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুপেয় পানির ফিল্টার স্থাপন করায় উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকায় তাদের অনেক উপকার হবে। বিশেষ করে গরমের সময় নিরাপদ পানি পান করা সহজ হবে। এই উদ্যোগ স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষকরাও এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করে বলেন, এতে শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করতে পারবে এবং পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা প্রতিশ্রুতি দেন।
রিপোর্টারের নাম 

























