নির্বাচনী জনসভায় উসকানিমূলক বক্তব্য দিয়ে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান এবং জীবননগর সিভিল জজ আদালতের বিচারক নাসির হুসাইন গত মঙ্গলবার এই নোটিশ জারি করেন।
নোটিশে উল্লিখিত প্রার্থীকে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ জানুয়ারি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় আয়োজিত এক দলীয় কর্মশালায় বক্তব্য দেন জামায়াত প্রার্থী মো. রুহুল আমিন। তাঁর সেই বক্তব্যকে উসকানিমূলক এবং নির্বাচনী আচরণবিধির পরিপন্থী হিসেবে দাবি করে একই আসনের বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এম এ সবুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে পাঠানো হয়।
অভিযোগে বলা হয়েছে, রুহুল আমিনের বক্তব্য জনমনে ভীতি সঞ্চার করতে পারে এবং তা সুষ্ঠু নির্বাচনের পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এরই প্রেক্ষিতে কেন তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা জানতে চেয়েছে কমিটি।
এ বিষয়ে রুহুল আমিন জানান, তাঁর বক্তব্যের উদ্দেশ্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি দাবি করেন, গত ১২ জানুয়ারির বক্তব্যে তিনি মূলত স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেছিলেন। তিনি কর্মীদের উদ্দেশে বলেছিলেন যে, কোনোভাবেই ভোট চুরি করতে দেওয়া হবে না এবং কেউ ভোট চুরি করতে এলে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে। ‘বাঁশের লাঠি’ সংক্রান্ত বক্তব্যটি কেবল ভোট জালিয়াতি প্রতিহত করার প্রতীকী আহ্বান ছিল বলে তিনি দাবি করেন। এটি কাউকে ভয় দেখানোর জন্য বা আচরণবিধি লঙ্ঘনের জন্য নয়, বরং একটি সুন্দর নির্বাচনের পরিকল্পনার অংশ হিসেবেই তিনি ব্যক্ত করেছেন বলে মন্তব্য করেন।
আগামী ১৯ জানুয়ারি নির্ধারিত সময়ে কমিটির কাছে নিজের অবস্থান পরিষ্কার করবেন বলে জানিয়েছেন এই প্রার্থী। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























