বাহরাইনের মানামায় অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসে ব্রোঞ্জ পদক জেতার ঐতিহাসিক সাফল্য নিয়ে আজ শুক্রবার (২৪ অক্টোবর) দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল। ব্রোঞ্জ জয়ী এই দলকে বহনকারী বিমানটির সন্ধ্যা ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।এশিয়ান যুব গেমসের ইতিহাসে এবারই প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলই পদক জয়ের গৌরব অর্জন করেছে। গতকাল রাতে উভয় দলের হাতে পদক তুলে দেওয়া হয়।
আগের দুটি আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে না পারার যে আক্ষেপ ছিল, কাবাডি দলের হাত ধরে এবার তা ঘুচল।
বালিকা দল: বাংলাদেশ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করে। মেয়েদের কাবাডিতে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বিতা করেছিল।
বালক দল: মেয়েদের সাফল্যের পরপরই বাংলাদেশের ছেলেরাও একই ধারার ব্রোঞ্জ পদক জয় করে। কাবাডিতে অংশগ্রহণকারী ৭টি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।
শক্তিশালী ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর বালক দল দারুণভাবে ঘুরে দাঁড়ায়। তারা ইরানকে হারায়, এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। যদিও থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে তারা ফাইনালের দৌড় থেকে পিছিয়ে পড়েছিল। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও স্বাগতিক বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি। তবে পদক জয় নিশ্চিত করে দেশের মুখ উজ্জ্বল করেছে এই তরুণ দল।
রিপোর্টারের নাম 

























