গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) বিশ্বখ্যাত ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস ২০২৫-২৬ এর গ্র্যান্ড ফিনালে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক উদ্যোক্তা তৈরির অন্যতম বৃহৎ একটি প্ল্যাটফর্ম, যা বিশ্বজুড়ে ‘শিক্ষার্থীদের নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিত। নবম বারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণদের উদ্ভাবনী ক্ষমতাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে কার্যকরী সমাধান খুঁজে বের করা।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর তত্ত্বাবধানে গত ১৩ জানুয়ারি সন্ধ্যায় বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। হাল্ট প্রাইজ ন্যাশনাল টিম থেকে রুদ্রনীল মন্ডল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাল্ট প্রাইজ গাকৃবি-এর পরিচালক সৃজন পণ্ডিত দিব্য, ডেপুটি ডিরেক্টর আমিনুল ইসলাম সিফাত এবং তাদের নিবেদিত সংগঠক দল পুরো আয়োজনটি সার্থকভাবে পরিচালনা করেন।
মাসব্যাপী এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়টি দল – টিম এভেনলো, টিম কার্বোডিট, টিম ইকোফিনস, টিম রেস্কিউহারভেস্ট, টিম কর্নোভা এবং টিম সেলুথিয়া তাদের যুগান্তকারী ব্যবসায়িক ধারণাগুলো বিচারকদের সামনে উপস্থাপন করে। বিচারকদের কঠোর মূল্যায়নের পর ‘টিম রেস্কিউহারভেস্ট’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, ‘টিম এভেনলো’ প্রথম রানার্সআপ এবং ‘টিম কার্বোডিট’ দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়। পরে উপাচার্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “হাল্ট প্রাইজের এই আয়োজন আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি এবং নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তরুণ প্রজন্মকে সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য হাল্ট প্রাইজ যে সাহস যোগায়, তা অত্যন্ত প্রশংসার যোগ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই প্ল্যাটফর্ম থেকেই আগামী দিনের সফল সামাজিক উদ্যোক্তাদের উত্থান ঘটবে।” তিনি চ্যাম্পিয়ন দলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার জন্য অগ্রিম শুভেচ্ছা জানান এবং এই সফল আয়োজনের জন্য আইকিউএসি, আয়োজক কমিটি, মেন্টর, বিচারক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, ২০১০ সালে প্রতিষ্ঠিত হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক সংগঠন, যা বিশ্বজুড়ে শিক্ষার্থীদের সামাজিক সমস্যা সমাধানে উদ্ভাবনী ব্যবসায়িক মডেল তৈরির মাধ্যমে নেতৃত্ব দিতে অনুপ্রাণিত করে।
রিপোর্টারের নাম 

























