ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্মারক ফিফা বিশ্বকাপ ট্রফি নিয়ে বর্তমানে ঢাকা সফর করছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার গিলবার্তো সিলভা। বাংলাদেশে নিজের প্রথম সফরে বিশ্ব ফুটবলের এই সোনালি ট্রফিটি সঙ্গে আনতে পেরে নিজেকে অত্যন্ত সম্মানিত ও গর্বিত মনে করছেন ৪৯ বছর বয়সী এই সাবেক তারকা।
ফিফার বিশেষ দূত হিসেবে আসা গিলবার্তো সিলভা আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশের মানুষের আতিথেয়তায় তিনি মুগ্ধ। সিলভা বলেন, “বাংলাদেশে এটিই আমার প্রথম সফর এবং এখানে আসতে পেরে আমি ভীষণ আনন্দিত। আমাদের এই আতিথেয়তা দেওয়ার জন্য আমি ফিফা, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং কোকা-কোলার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি সত্যিই এক স্মরণীয় মুহূর্ত।”
বিশ্বকাপ ট্রফির গুরুত্ব ও অনুপ্রেরণা প্রসঙ্গে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার বলেন, “আসল বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক একটি বিষয়। আজও যখন এই ট্রফিটি এত কাছ থেকে দেখার সুযোগ পাই, তখন তা আমাকে নতুন করে অনুপ্রাণিত করে এবং ফুটবলের প্রতি অনুরাগ বাড়িয়ে দেয়। এই সুন্দর খেলার একজন দূত হিসেবে কাজ করাটা আমার জন্য বড় পাওয়া।”
দেশের ফুটবল প্রেমীদের বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে এই ট্রফি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করেন গিলবার্তো। তিনি মনে করেন, ট্রফিটি দেখার মাধ্যমে তরুণরা খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হবে। সিলভা বলেন, “ফিফা ও আমাদের পুরো প্রতিনিধি দলের পক্ষ থেকে এই ট্রফিটি বাংলাদেশে নিয়ে আসা এক অনন্য সম্মানের বিষয়। আমি প্রত্যাশা করি, এই ট্রফিটি বাংলাদেশের তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।”
রিপোর্টারের নাম 
























